জম্মু ও কাশ্মীরে পহলগাম এবং বালতাল—উভয় পথেই, খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিন আবহাওয়া, যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায়, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুওয়ান/চন্দনওয়ারি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর যাত্রা পুনরায় শুরু হবে।
এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা-মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। ৩ জুলাই শুরু হওয়া এবারের যাত্রা ৫৭ দিন ধরে চলার পর ২৮ আগস্ট শেষ হবে। ওই দিনেই শ্রাবণ পূর্ণিমা ও রাখী বন্ধন উৎসব পালন করা হবে ।