June 28, 2026 8:55 AM

printer

কৈলাস মানস সরোবর ভ্রমণে ভারতীয়দের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে

কৈলাস মানস সরোবরে যে সব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে  যাবার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে।  মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক, তাঁদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন।  এঁরা প্রয়োজনীয় নথীপত্র এবং চিনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য  প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোন ভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে—এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন নিশ্চিত হয়ে নেন যে তাঁদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কি না। কৈলাস মানস সরোবরগামী প্রায় ৫২ জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তাঁরা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত ২০ জুন, কৈলাস মানস সরোবর যাত্রা ২০২৬-এ অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথু লা পাসের ভারত-চীন সীমান্ত দিয়ে চিনে প্রবেশ করে।