কেন্দ্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত ৩ হাজারের বেশী রেল স্টেশন এবং ১৩ হাজার ৪শো কোচে সিসিটিভি নজরদারী ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এ আই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। গত তিন বছরে ৯৮৪০ টি নিরাপত্তা সংক্রান্ত ঘটনাবলী চিহ্নিত করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণো জানিয়েছেন। অপর এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণো বলেন, গত কয়েকবছর ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৪-১৫ সালের রেল দুর্ঘটনার সংখ্যা ১৩৫ থেকে কমে চলতি অর্থবছরে এ যাবত দুইয়ে এসে দাঁড়িয়েছে। যাত্রী সুরক্ষায় বাজেট বরাদ্দ ২০২৬-২৭ সালে বেড়ে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার বেশী হয়েছে বলেও মন্ত্রী জানান।