কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুবসমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি আজ নতুনদিল্লিতে নারকো-কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-এর দশম শীর্ষ-স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদকবিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অমিত শাহ বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় ২৬ লক্ষ কেজি সিন্থেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। ২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে বাজেয়াপ্ত সিন্থেটিক মাদকের পরিমাণ বেড়ে ১১৮ লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক-বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এসংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান-প্রদান সহজ করার লক্ষ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন যে, মাদক এবং মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে দেশের লড়াই আরও শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।