কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এরাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে দুই কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচীর জন্য কেন্দ্রীয় সরকার, ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। ২৩৫’টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচী সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে ৮৮০টি-তে নিয়ে যাওয়া হবে। ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ বয়সী কিশোরীদের জন্য HPV টিককরণ কর্মসূচির সূচনা করেছিলেন।
অন্যদিকে, বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে SSKM হাসপাতালের অতিরিক্ত ১০০ শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালালরাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্যভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে। সেখানেও হাসপাতালে পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।