কেন্দ্রীয় মন্ত্রীসভা, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গনে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সে-জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি।