কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির ৬০ শতাংশই ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্হানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারতবর্ষ পৃথিবীর নানা বৈচিত্র্যের ভূমি। ১৪-টি রাজ্যে ৩৩-টি হাতি সংরক্ষণ এলাকা রয়েছে। এগুলি হাতিদের আবাসস্হল রক্ষার পাশাপাশি তাদের বিচরণ ও অভিবাসনের পথ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতিকে বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরা যাতায়াতের পথে দূরদুরান্তে বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়। এরফলে নতুন গাছগাছালির জন্মের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় থাকে।
উল্লেখ্য, আজ বিশ্ব হাতি দিবস। হাতির সুরক্ষা ও সংরক্ষণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হাতির আবাসস্থল রক্ষা ,অবৈধ শিকার বন্ধ ও হাতিদের প্রতি সহানুভূতিশীল সচেতনতার বার্তা দিতে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। এশিয়া ,আফ্রিকায় হাতিদের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে ২০১২ সাল থেকে দিনটি পালন করা হচ্ছে।