কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ‘ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট ফর পোস্টগ্র্যাজুয়েট’ ২০২৬-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি-নির্ভরভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের ৩০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ‘ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস’ NBEMS, প্রযুক্তি সহযোগী সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজনদের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন।
মন্ত্রী জোর দিয়ে বলেন যে, সর্বোচ্চ সততা ও নিরাপত্তা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং পরীক্ষার্থী-বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া, শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, পরীক্ষার ঠিক আগে অত্যন্ত সুরক্ষিত, এনক্রিপ্ট করা এবং সময়-সীমা-ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রশ্নপত্র নির্বাচন করা হয়। পাশাপাশি, নির্ধারিত সময় পর্যন্ত এর গোপনীয়তা বজায় রাখতে একাধিক স্তরের প্রযুক্তিগত ও পরিচালনগত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়। মন্ত্রী পরীক্ষার জন্য গৃহীত সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, NEET-PG ২০২৬-এর জন্য মোট ২ লক্ষ ৭৩ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন, যা গত বছরের তুলনায় ১২.৫ শতাংশেরও বেশি। পরীক্ষাটি একটিমাত্র শিফটে প্রায় ৩৪০টি শহর এবং ১৩০০-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।