কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন,ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মধ্যে দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী ১হাজার বছরের জন্য আরও সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। পাশাপাশি গ্রন্থাগার ও মিউজিয়ামগুলিকে শুধু চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য শ্রী শাহ জোর দেন। এছাড়া দেশের যুব সমাজকে অন্তত আরও একটি ভারতীয় ভাষা শেখারও পরামর্শ দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,ভাষাই মানুষকে তৈরি করেছে। এই সংগ্রহালয় উদ্বোধনের মধ্যে দিয়ে কলকাতার বুকে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাংস্কৃতিক পুনরুত্থানের যে সংকল্প নিয়েছিলেন এই সংগ্রহালয় তার একটি অন্যতম পদক্ষেপ। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে স্বপ্ন,তা পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলেই শ্রী শাহ আশাবাদী। তিনি আরো জানান,শব্দের কোনো আকার নেই,তাকে চোখে দেখা যায় না। সেই অদৃশ্য শব্দকেই এবার চাক্ষুষ করার সুযোগ মিলবে এই সংগ্রহালয়ে।ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,এক সময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। একটা সময় বিদেশি ও সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও,তা ফের স্বমহিমায় ফিরবে এবং বাংলা আবারও সমগ্র ভারতীয় চেতনার বৈশ্বিক আলোকস্তম্ভ হয়ে উঠবে বলে শ্রী শাহ আশাবাদী।
দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভিড় বাড়লেই সমাজের প্রকৃত উন্নতি হয় না। দেশের গ্রন্থাগারে তরুণ প্রজন্মের ভিড়ের দ্বারাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত। এর জন্য আগামী প্রজন্মকে আরও বেশি করে গ্রন্থাগারমুখী করার জন্য তিনি জোর দেন।
দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভিড় বাড়লেই সমাজের প্রকৃত উন্নতি হয় না। দেশের গ্রন্থাগারে তরুণ প্রজন্মের ভিড়ের দ্বারাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত। এর জন্য আগামী প্রজন্মকে আরও বেশি করে গ্রন্থাগারমুখী করার জন্য তিনি জোর দেন।