কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে অব্যবহৃত, খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএমে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এই সমস্যা মেটাতে কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন হাসপাতালে ফাঁকা পড়ে থাকা বেড যাতে রাজ্য সরকারের হাসপাতালগুলি ব্যবহার করতে পারে, এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সরকারি হাসপাতালে কোথায় কত বেড ফাঁকা ও ভর্তি রয়েছে তা জানাতে রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে প্রভাব খাটিয়ে যাতে বেড দখল করে না রাখা হয় সে ব্যাপারেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।