কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ীকে নিশানা করে সামাজিক মাধ্যমে প্রচারিত কুরুচিকর, অশ্লীল ও মানহানিকর সব পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত আজ মেটা, এক্স এবং গুগল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়। পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে নীতিন গডকড়ী ও তাঁর পরিবার অসৎ উপায়ে আর্থিক সুবিধা পেয়েছেন এমন অসত্য দাবি তুলে প্রচার করা AI-নির্মিত ডিপফেক ভিডিও এবং বিকৃত পোস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রী। আদালত আজ এই মামলায় তাঁকে অন্তর্বর্তী স্বস্তি দিয়েছে।
পাশাপাশি, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলিকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে আদালত, যেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আদালতের দ্বারস্থ না হয়েই এই ধরনের আপত্তিকর কন্টেন্ট দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলা সম্ভব হয়। ভবিষ্যতেও এমন কোনো পোস্টের বিষয়ে অভিযোগ এলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি।