কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য ১ লক্ষ ৭৪ হাজার কুইন্টালের একটি জাতীয় বীজ ভান্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে ‘খরিফ অভিযান ২০২৬’-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত ৯ লক্ষ ৭৬ হাজার কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনও নথির প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।
কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ৩৭ কোটি ৬০ লক্ষ টনেরও বেশি। এই অনুষ্ঠানে শ্রী চৌহান, রাজ্যগুলির কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক, বিজ্ঞানী এবং কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষির সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।