কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জন স্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেক্ট্রোলাইটস সহ পানীয় গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।
আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, অ্যাডভাইসারিতে শিশু, সদ্যোজাত, গর্ভবতী মহিলা, বয়স্ক, অসুস্থ এবং খোলা জায়গায় যাঁরা কাজ করেন তাঁদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কর্মক্ষেত্রে, জনসমাবেশে এবং ঘরের বাইরে বিভিন্ন কাজের ক্ষেত্রে নিরাপদ থাকার ব্যবস্থা নিতে বলা হয়েছে। খেলোয়াড়দের তাপজনিত অসুস্থতা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মাথাধারা, বমি ভাব, ঝিম ধরা, মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, জলশূন্যতা, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে তা বিপজ্জনক বলে বুঝতে হবে।