কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল, শহরে জীবিকা সংস্থানের উন্নয়নের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, “পিএম স্বনিধি-র ৬ বছর” উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে , রাস্তার হকারদের ‘পিএম স্বনিধি’ ঋণের চেক এবং কিউআর-কোড যুক্ত ক্রেডিট কার্ড বিতরণ করেন। আগরতলায় এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে, সরকারি আধিকারিক এবং সুবিধাভোগীরা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বের সম্প্রচার শোনেন। শহরের স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং রাস্তার হকারদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন , পি এম স্বনিধি’ প্রকল্পটি সারা ভারত জুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। রাস্তার হকারদের আগে স্থানীয় মহাজনদের ওপর নির্ভর করতে হতো, যারা অত্যন্ত চড়া হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করত। ‘পিএম স্বনিধি’ প্রকল্পটি ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত । সহজ ও প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ায় হকারদের মহাজনদের থেকে মুক্ত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, কিউআর-কোড যুক্ত ক্রেডিট কার্ডের মতো আধুনিক ডিজিটাল মাধ্যমগুলোর ফলে হকারদের দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে সুবিধা হয়। পাশাপাশি হকারদের সুদের বোঝা কমিয়ে, দেশ দ্রুতগতিতে পূর্ণাঙ্গ আর্থিক অন্তর্ভুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই ক্রেডিট কার্ড ব্যবস্থার আওতায়, হকাররা পণ্য সামগ্রী কেনার জন্য তাদের নির্ধারিত ঋণের সীমায় প্রতিদিন টাকা তুলতে পারবেন এবং সন্ধ্যায় তাদের উপার্জিত অর্থ জমা দিতে পারবেন। কেন্দ্রীয় সরকার এই জনকল্যাণমূলক প্রকল্পের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে।