কলকাতার স্কুল গুলিতে মিড ডে মিলের রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের এডভোকেট জেনারেল জানিয়েছেন, এই বিষয়টি এখনো পর্যন্ত প্রস্তাবের পর্যায়ে, কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এখনই এব্যাপারে মামলার’ও প্রয়োজন নেই।
অন্যদিকে মামলাকারী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে স ওয়াল করেন, মুখ্যমন্ত্রী যে বিধানসভায় এই সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা’ হলফনামা দিয়ে জানাক।
এরপরই হাইকোর্ট রাজ্যকে চার সপ্তাহ এবং মামলাকারীকে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেন। ইতিমধ্যে রাজ্য এসংক্রান্ত কোণ সিদ্ধান্ত গ্রহণ করলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৎক্ষণাৎ আদালতের গোচরে আনার’ও নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।