June 25, 2026 12:44 PM

printer

কলকাতার তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

কলকাতার তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে আজ বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ২৯ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে উল্লেখ ক’রে তিনি মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি তিনি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী ক’রে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। বিধানসভায় নথি দেখিয়ে তিনি দাবি করেন, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই-সহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধারকাজ ত্বরান্বিত করার জন্য কোনও অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, রাতভর প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারকি করেছেন। সেনাবাহিনী ও এন ডি আর এফ-এর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, তদন্তে কোনও রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নির্মাণ সংস্থার সুপারভাইজার, লোহার কাঠামো প্রস্তুতকারক, জমির লিজগ্রহীতা, শ্রমিক সরবরাহকারী ও কন্ট্রাক্টর এবং পরিকল্পনা অনুমোদনের সঙ্গে যুক্ত এক দালাল। মূল অভিযুক্ত আজগরকে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

শ্রী অধিকারী জানান, ঘটনার জেরে আগামী চার সপ্তাহ, কলকাতা পুর এলাকা, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর-সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময়ে সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। এজন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও শ্রী অধিকারী জানিয়েছেন।

আগেই জানানো হয়েছে, তারাতলা কাণ্ডে বিশেষ তদন্তকারী দল – সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করছে সিট।