কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের স্বাস্হ্য দফতর পৃথক তদন্ত করবে। রাজ্যের স্বাস্হ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। সেই রাতে ঘটনার আগে ও পরে যারা ঘটনাস্হলে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে স্বাস্হ্যমন্ত্রী জানান। প্রয়োজন হলে কথা বলা হবে নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮-ই আগস্ট রাতে আর জি করে কর্তব্যরত অবস্হায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তদন্তে উঠে আসা সমস্ত তথ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্হাকে জানানো হবে বলে স্বাস্হ্যমন্ত্রী এদিন জানিয়েছেন।
আগামীকাল রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্হ্য কেন্দ্রে সকাল ১১-টা থেকে ২ মিনিটের নীরবতা পালন করা হবে বলেও জানান তিনি।