July 3, 2026 2:39 PM

printer

কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক-বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।

সেই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভার কাজ আরও স্বচ্ছ ও মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদক্ষেপ। নতুন বিধায়কদের পরিষদীয় রীতি-নীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করা তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। দু’দিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, কমিটি ব্যবস্থা, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভা (ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন)-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।