কর্ণাটকের কারওয়ারে আজ ‘মাহে’ শ্রেণিভুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট—’আইএনএস মালভান’ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। ‘আইএনএস মালভান’ এ ৮০ শতাংশেরও বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মান করেছে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। উপকূলীয় অঞ্চলের অগভীর জলে মাহে শ্রেণীর এই অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটগুলো ভীষণ কার্যকরী। আকারে ছোট হলেও অত্যন্ত শক্তিশালী এই জাহাজগুলির দীর্ঘ সময় ধরে কাজ চালানোর ক্ষমতা রয়েছে এবং নিখুঁত লক্ষ্যভেদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমন্বয়ে সক্ষম ‘আইএনএস মালভান।
এয়ার চিফ মার্শাল এপি সিং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন সহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধি, এবং অন্যান্য বিশিষ্ট অতিথি।