কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তারা জানিয়েছে, সে দেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই সংগক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
WHO প্রধান টেডরস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, যদি সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকে, তাহলে এর প্রাদুর্ভাব ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারির ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সেই মহামারিতে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং তা ইবোলার টিকা তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল।
বর্তমানে, পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে ৪,৩০০-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে ২,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডার সঙ্গে কঙ্গোর সীমান্তবর্তী এলাকায় চলতি সংঘাত এবং ওই অঞ্চলের দুর্গম অবস্থানের কারণে ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।