কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত, নতুন তিনটি ফৌজদারি আইন, প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায়বিচার সুনিশ্চিত করতে, প্রযুক্তি বান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গোরিমেদু-র পুলিশ ট্রেনিং স্কুল মাঠে, পুদুচেরি পুলিশকে ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে ‘হর ঘর তিরঙ্গা যাত্রা’-র সূচনা করবেন। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্রী শাহ বলেন, প্রেসিডেন্টস পুলিশ কালার পাওয়া যে কোনও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম। ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’-এর এই ঐতিহাসিক স্বীকৃতির মাধ্যমে পুদুচেরি দেশের অষ্টাদশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই সম্মানে ভূষিত হলো।
অনুষ্ঠানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাশনাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিভায়াম এবং পুলিশ মহানির্দেশক শালিনী সিং-ও উপস্থিত ছিলেন।