ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। আইএমও-র তথ্য অনুযায়ী, বর্তমানে ওই অঞ্চলে ১১ হাজারেরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদ যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে, ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদি নৌ-পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে।