উত্তর ২৪ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আজ রেশন বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন।
সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায়, শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। উপভোক্তারাও রেশন ডিলারের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগড়ে দেন মন্ত্রীর কাছে। গোডাউনে বিপুল পরিমানে রেশনের সামগ্রী বস্তা মজুত দেখতে পেয়ে, খাদ্য মন্ত্রী স্পষ্ট জানান, দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলেছে, তার শাস্তি ভোগ করতেই হবে শ্যামলবাবুকে। এরপরই পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে।
খাদ্য মন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁর লাইসেন্স’ও বাতিল করা হতে পারে।