উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির ছ’জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া, দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনউয়ের ‘জন ভবন’-এ আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে, ৪০৩ সদস্যবিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং বিজেপি নেতা মনোজ পান্ডেকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী অজিত পাল সিং এবং সোমেন্দ্র তোমরকে দেওয়া হয়েছে স্বাধীন দায়িত্ব।
এদিকে, কৃষ্ণ পাসওয়ান, সুরেন্দ্র দিলের, হংসরাজ বিশ্বকর্মা এবং কৈলাশ রাজপুতকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।