ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এম এস ভি ফাইজ নুরে ওলিয়া’-র ওপর হামলার ঘটনার ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা ১৩ জন ভারতীয় সহ ১৪ জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে।
বিবৃতিতে বিদেশমন্ত্রক আরও বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ হতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ-চলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।