August 9, 2026 10:58 AM

printer

ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ায়, পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন ও সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে।

ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ায়, পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন ও সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা উপ-সচিব স্টিভ ফেইনবার্গ শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্পসংস্থাগুলিকে এজন্য ২১ দিন সময় দিয়েছেন।

উৎপাদন ক্ষমতা বাড়াতে পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির সঙ্গে  কাঠামো-ভিত্তিক চুক্তি করারও উদ্যোগ নিয়েছে।

প্যাট্রিয়ট এবং ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড ইন্টারসেপ্টরসহ বিভিন্ন অস্ত্রের মজুদ পুনরায় গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী , যুদ্ধের আগে বিশ্বে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল প্রায় ২ হাজার ২০০টি, যা এখন কমে ৮২৭-এর নিচে নেমে এসেছে; অন্যদিকে থাড ক্ষেপণাস্ত্রের মজুদ ৪৫২টি থেকে কমে ২৭৮-এর নিচে নেমেছে।

উল্লেখ্য, পেন্টাগনের এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো যখন কংগ্রেসে ১ লক্ষ ১৫ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিলটি আটকে আছে। এর  ফলে দ্রুত অস্ত্র উৎপাদনের প্রচেষ্টা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।