July 12, 2026 8:41 AM

printer

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পালটা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্র পথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের আইআরজিসি (IRGC) নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনও জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। সে দেশের নৌবাহিনী ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি শত্রুপক্ষ কোনও পদক্ষেপ করে তবে তার পালটা কড়া জবাব দেওয়া হবে।

পালটা মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে,  তেহরানের অভ্যন্তরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে তাদের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছানো এবং তা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং ওই পথ দিয়ে চলাচলকারী কোনও জাহাজে হামলা চালানো হবে না, ইরানের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।