July 20, 2026 1:03 PM

printer

আসামে, গত কয়েক দিন টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

আসামে, গত কয়েক দিন টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের উত্তরে আট জেলা- ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯৮ টি গ্রামের ৫৭ হাজার ১৯৯ জন মানুষ বন্যায় প্রভাবিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মোট ৩ হাজার আটশো ৭৪ দশমিক আট চার হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।

শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। আসাম সরকার ১৪টি ত্রাণ শিবির স্থাপন করেছে, যেখানে বর্তমানে আশ্রয় নিয়েছেন ৪৪০ জন।

এদিকে, শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কায় আসাম সরকার ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে।মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ২৪ ঘণ্টা পরিস্থিতির ওপর নজর রাখছেন। ক্ষতিগ্রস্তদের কাছে সব ধরনের ত্রাণ এবং সহায়তা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।