May 11, 2026 9:06 AM

printer

আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য, ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন।

আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য, ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর, শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোক ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান।

শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামিকাল শপথবাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নিতিন নবীনসহ আরও অনেকের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।

বিজেপি, অসম গণ পরিষদ এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে ১২৬ সদস্যের বিধানসভায় ১০২ টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। বিজেপি পেয়েছে ৮২টি আসন এবং অগপ ও বিপিএফ প্রত্যেকে ১০টি করে আসন জিতেছে।

অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহন দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন।

২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন জোট প্রথমবার ক্ষমতায় আসার পর, এটি রাজ্যে এনডিএ-র টানা তৃতীয় মেয়াদ।