আরজি কর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরজি কর ইস্যুতে এক ডিসি-র প্রেস কনফারেন্স নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন । তাঁর অভিযোগ, ওই আধিকারিককে কোনও লিখিত অনুমতি বা সরকারি দায়িত্ব দেওয়া হয়নি। তবুও তিনি সংবাদমাধ্যমের সামনে এমন ভাষা ও মনোভাব দেখিয়েছিলেন, যা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।