আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অজয় চন্দ ওরফে সল্টুকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অজয়ের বিরুদ্ধে আবাস যোজনায় সুবিধে পাইয়ে দিয়ে টাকা নেওয়া ছাড়া অন্য অভিযোগও রয়েছে। অন্যদিকে ধৃত অজয় দাবি করেছে, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যে।
তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ২০১৯ সালের। অথচ সেই সময়ে তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন না।
এদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার শিকরা কুলিং গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীর বাজারদর কয়েক লক্ষ টাকা। নাজমুর নাহার নামে ওই পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী আমফানের সময় দেওয়া সরকারি সামগ্রীগুলি বিলি না করে নিজেদের বাগানে লুকিয়ে রেখেছিল। ত্রাণ আত্মসাৎ-এর পাশাপাশি আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সম্পাদক তাপস দাস, এই ঘটনায় উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।