আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তান্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলা।
আজ দুপুরে কলকাতা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় প্রবল ঝড়বৃষ্টির এবং ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার লাল সতর্কতা জারী করা হয়। এরপরই শুরু হয় তান্ডব। ঝড়ের দাপটে কলকাতা শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে।
সল্টলেকে বিকাশ ভবন এর কাছে গাছ উপড়ে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর। ইন্দিরা ভবনের সামনে গাছ পড়ে এক বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। ময়দানে মেয়ো রোডের কাছে গাছ উপড়ে পড়ে গার্ড রেল ভেঙে পড়েছে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে, দুটি বিমান রানওয়ে থেকে ফিরে আসে বলে জানা গেছে। প্রবল দমকা হাওয়ায় দক্ষিণ কলকাতায় একটি শপিং মলের কাঁচের কাঠামো ভেঙ্গে পড়ে। টালা পার্ক, হাইল্যান্ড পার্ক, টালিগঞ্জ, ময়দানের বিভিন্ন জায়গায় গাছ ও গাছের ডাল ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকা হাওয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশন এর শেড ভেদ করে বৃষ্টির জল ঢুকতে থাকে।
এস এস কে এম হাসপাতালের জরুরি বিভাগের সামনে হরিশ মুখার্জী রোডে একটি চার চাকার গাড়ির উপর গাছ পড়ে যায়। সেই সময় গাড়িতে চালক ছিলেন। তিনি অবশ্য অক্ষত রয়েছেন।
হাওড়াতেও প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। হুগলী জেলায় ভেঙেপড়ে বহু আম গাছের ডাল, একাধিক বাড়ীতে জানলার কাঁচ ভেঙে পড়েছে বলে জানা গেছে। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।