আজ গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গোয়া শুধু তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তার জন্যই নয়, শিক্ষা, প্রযুক্তি, স্টার্টআপ এবং স্থায়ী উন্নয়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সুপরিচিত। রাষ্ট্রপতি আরও বলেন, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির প্রতি অঙ্গীকারের মাধ্যমে ‘বিকশিত ভারত’ গড়ার ক্ষেত্রে গোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যদিকে গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান আজ পানাজি যাবেন। কলা অ্যাকাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডার স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাক টিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় CSIR সমূদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন। কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও।
উল্লেখ্য, গত চার দশকে গোয়া এক রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে। ১৯৮৭ সালের আজকের দিনেই গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গোয়া তার প্রাণবন্ত সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের আন্তরিকতার জন্য দেশজুড়ে সুপরিচিত।
প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি গোয়ার অগ্রগতি ও স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করা সকল ব্যক্তিকে স্মরণ করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আশা প্রকাশ করেন, গোয়া ভবিষ্যতেও উন্নতির ধারাকে বজায় রাখবে এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গোয়া সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ, যা বিশ্বের কাছে ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার পরিচয়কে তুলে ধরে।
তিনি আরও বলেন, এই রাজ্য দেশের অগ্রগতি ও গৌরব বৃদ্ধিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ার অব্যাহত সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনাও জানান।