অসমে বিজেপি নেতা ড হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে। এ জন্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষন প্রসাদ আচার্য , মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।
হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন – জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত।
খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথগ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও এই শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নিতে অসম যাচ্ছেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
খানাপারা ময়দানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে পরপর তিন বার এন ডি এ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্বশরমা ও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। রাজ্যের ইতিহাসে কংগ্রেস-বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনিই একমাত্র ব্যক্তি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ডঃ হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এন ডি এর প্রার্থী হবেন। তিনি আরও জানান যে, আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোড়ো এবং অজন্তা নেওগও।
অতুল বোরা হলেন অসম গণ পরিষদ- অগপর সভাপতি এবং চরণ বোড়ো হলেন বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়েই পূর্ববর্তী এন ডি এ সরকারে মন্ত্রী ছিলেন।
অজন্তা নেওগও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন।
এবারের বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে এন ডি এ ১০২ টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২ টি আসন। জোটসঙ্গী – অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই ১০টি করে আসনে জয়ী হয়েছে।