অসমে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ব্রহ্মপুত্র এবং তার একাধিক উপনদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি।
ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি আগামী ২৪ ঘণ্টায় অসমের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যায় এখনও পর্যন্ত শিবসাগর, ধেমাজি, গোলাঘাট, চরাইদেও এবং কামরূপ মহানগর-সহ ১০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বন্যা-সম্পর্কিত ঘটনায় আরও দু’জনের মৃত্যু হওয়ায় রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৯-এ পৌঁছেছে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থাও পর্যালোচনা করেন।
সফরকালে মুখ্যমন্ত্রী ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ১০ জনের নিকট আত্মীয়দের প্রত্যেকের হাতে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।