অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। গতকাল শিবসাগর জেলায় আরও সাতজন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। ৩০ দিনের উপর যাঁরা নিখোঁজ থাকবেন তাঁদের পরিবারকেও ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১ লক্ষ পরিবারকে দেওয়া হবে ১৫ হাজার টাকা করে৷ ক্ষতিগ্রস্থ পড়ুয়াদেরও বিনামূল্যে বই প্রদান ও আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ধীরে ধীরে এখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অনেক জায়গা থেকে জল নামতে শুরু করেছে। অধিকাংশ এলাকাতেই ফিরেছে বিদ্যুৎসংযোগ।