অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ৯ সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আই.এ.এস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আই.এ.এস শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল-সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি।
আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া গুন্ডাদমন এবং সম্পত্তি বাজেয়াপ্ত বিলে সই করেছেন। আগমী সোমবার থেকেই সেগুলি কার্যকর হবে।