অসম-নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক পত্র- মৌ স্বাক্ষরিত হয়েছে।
নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই-ফিউ-রিও-র উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগ’ও তৈরী হবে। এই চুক্তির একদিকে যেমন ‘দেশই প্রথম’-নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গীকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা, এক হাজার থেকে দেড় হাজার ব্যারেলের মধ্যে থাকলেও, এই চুক্তির ফলে তা’ দশ গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকেই ১৫ হাজার কোটি টাকারো বেশী সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই চুক্তি, ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিরাপদ করার পাশাপাশি আমদানির ওপরেও নির্ভরতা কমাবে। স্বরাষ্ট্র মন্ত্রী, উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে একাধিক শান্তি চুক্তির ফলে এই অঞ্চলে হিংসা ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরী হয়েছে।