অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হচ্ছে ১ জুলাই । রাজ্যের এক কোটি পাঁচ লক্ষেরও বেশি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যাঁরা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাঁদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে, তাঁরাই এই দফায় অর্থ পাবেন। প্রথম পর্যায়ে প্রায় ২৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে সেই সংখ্যা বেড়ে এক কোটি পাঁচ লক্ষেরও বেশি হয়েছে। সরকার জানিয়েছে, যাঁদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে, তাঁরা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে যাঁদের আবেদন বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি কোনও অযোগ্য আবেদন ভুলবশত গৃহীত হলেও পরবর্তী যাচাইয়ে তা বাতিল করা হতে পারে।