অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর, তৎপর জেলা প্রশাসন। ইতোমধ্যেই, মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ভগবানগোলার সাদ্দামপাড়া থেকে আটক করা হয় বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা নয়ন শেখকে। কয়েক মাস আগে চর লবণগোলা সীমান্ত দিয়ে সে ভারতে ঢুকেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এদিকে, অপর দুই আটক বাংলাদেশি নাগরিক নাহিদ হোসেন এবং রাজু সেখ দক্ষিণ ভারতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। পরে লালগোলায় এসে থাকছিল তারা।
অন্যদিকে, মালদার ইংরেজবাজারের চন্দনপার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশী হিসেবে চিহ্নিত তিন মহিলা সহ ৯ জনকে রাখা হয়েছে। পান্ডুয়া থেকে এঁদের আটক করা হয়।
উল্লেখ্য, ২৩ তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। ২০২৪-এর ৩১-শে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে, তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। যাঁরা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাঁদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।