July 21, 2026 1:53 PM

printer

২১ জুলাই, ১৯৯৩-এর পুলিশ গুলি চালনার ঘটনায় তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

২১ জুলাই, ১৯৯৩-এর পুলিশ গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট টেবিলে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে মৃত ও আহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ২১ জুলাই নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি হলেও, কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কারা দায়ী ছিলেন, তা বাংলার মানুষ এখনও জানতে পারেননি। তাঁর বক্তব্য, কমিশন বহু আগেই রিপোর্ট জমা দিয়েছিল। বিধানসভা চলায় নিয়ম মেনেই এ দিন রিপোর্টটি পেশ করা হচ্ছে।

কমিশনের পর্যবেক্ষণ তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, ২১ জুলাইয়ের ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হয়নি। প্রয়োজনীয় সরকারি নথি সংরক্ষণ করা হয়নি এবং বহু গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ ছিল। কমিশনের মতে, রাইটার্স বিল্ডিং রক্ষার স্বার্থে গুলি চালানোর প্রয়োজন ছিল না। মেয়ো রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমা ও এসপ্ল্যানেড এলাকায় পুলিশি গুলি চালানো ছিল “অপ্রয়োজনীয়, উস্কানিমূলক ও অযৌক্তিক”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কমিশন মৃতদের “শহিদ” হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছিল। পাশাপাশি প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছিল। তাঁর অভিযোগ, আগের সরকার সেই সুপারিশ কার্যকর না করে মৃতদের পরিবারকে মাত্র ২ লক্ষ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা দিয়েছিল।

 

এর পরেই তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী ক্ষতিপূরণ পেতে চাইলে নিহত ও আহতদের পরিবার বর্তমান সরকারের কাছে নতুন করে আবেদন করতে পারবেন। সরকার সেই আবেদন বিবেচনা করে কমিশনের সুপারিশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেবে।

ভাষণে তৃণমূল নেতৃত্বকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ২১ জুলাইয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অনেকেই ক্ষমতা, পদ এবং ব্যক্তিগত সম্পদ অর্জন করেছেন, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচার ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করেননি। তিনি আরও জানান, সরকারের হাতে আরও কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে। প্রয়োজনে আমফান সংক্রান্ত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট এবং কোভিডের সময় চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা সংক্রান্ত রিপোর্টও জনসমক্ষে আনা হবে।

২১ জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিকে সরকার মর্যাদা দেবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে। একই সঙ্গে তিনি এই ঘটনায় একটি শ্বেত পত্র প্রকাশের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের কাছে যদি এ-সংক্রান্ত কোনও তথ্য থাকে, তা সরকারিভাবে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সেই তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

Most Read
View All arrow-right

No posts found.